বাংলাগেজেট রিপোর্ট : ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সুবিধাভোগী কর্মকর্তা হিসেবে পরিচিত পানি সম্পদ সচিব নাজমুল আহসান, মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রণালয়ের সচিব (চলতি দায়িত্ব) মো: তোফাজ্জল হোসেনসহ পাঁচ সচিবকে অবাঞ্চিত ঘোষনা করেছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম ৷ তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করাসহ পর্যায়ক্রমে তাদের অফিস ঘেরাও করে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানানো হয়েছে। এর আগে সংগঠনটির নির্বাহী কমিটির তৃতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়৷ সংগঠনটির সভাপতি এ বি এম আব্দুস সাত্তার সভাপতি এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োগকৃত বিতর্কিত কর্মকর্তা ও প্রশাসনে এখনও কর্মরত স্বৈরাচারের দোসর দুর্নীতিবাজ কর্মকর্তারাই রাষ্ট্রীয় প্রশাসনে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বিতর্কিত চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তাদের চুক্তি বাতিল ও স্বৈরাচারের দোসর কর্মকর্তাদের অপসারণ করার দাবিতে আগামী ১২ মে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে ফোরামের সদস্যগণ উপস্থিত হবেন। আগামী ১৫ মে কালো পতাকা মিছিল কর্মসূচী পালন করা হবে। মিছিলটি সকাল ১১.০০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে দৈনিক বাংলা মোড়-জিরো পয়েন্ট-রেলভবন হয়ে পুনরায় প্রেসক্লাবে শেষ হবে।



