ডেস্ক রিপোর্ট : শেরপুরের নালিতাবাড়ীতে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় ৬ জন সাংবাদিক আহত হয়েছেন। অভিযোগ সাংবাদিকদের উপর হামলা করেছে স্থানীয় পাথর ও বালু উত্তোলনের সঙ্গে জড়িত একটি পক্ষ।সোমবার দুপুর ১২টার দিকে নালিতাবাড়ী উপজেলার দাওধারা এলাকায় ঘটনাটি ঘটে।
আহত সাংবাদিকরা হলেন- এখন টিভির সাংবাদিক জাহিদুল খান সৌরভ, সময় টিভির ভিডিও জার্নালিস্ট বাবু চক্রবর্তী, বাংলা টিভির নাঈম ইসলাম এবং বাংলাদেশের খবরের শাহরিয়ার শাকির প্রমুখ।
জানা গেছে, শেরপুরে বনের ভেতর পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগের ঘটনায় মুখোমুখি স্থানীয় প্রশাসন এবং বন বিভাগ। বনের ভেতরের ২২৩ একর জায়গা রয়েছে ডিসি ল্যান্ড বা খাস জমি। যার ৩২ একর জমি সংরক্ষিত পাথর মহাল হিসেবেও রয়েছে। সম্প্রতি বনের ভেতরের বিস্তীর্ণ এই জায়গাজুড়ে পর্যটন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয় নালিতাবাড়ী উপজেলা প্রশাসন। কাজ শুরুর পর বন্য হাতি সংরক্ষণ, সামাজিক বনায়ন বৃদ্ধি ও বনাঞ্চল টিকিয়ে রাখার সুপারিশে পর্যটন কেন্দ্র স্থাপনে আপত্তি জানায় স্থানীয় বন বিভাগ। এতে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে ঠিকাদারি প্রতিষ্ঠান।
উদ্ভূত এই পরিস্থিতিতে পর্যটন কেন্দ্রটি পরিদর্শনে আসেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বনের জায়গায় কোনো পর্যটন কেন্দ্র হবে না। এসময় পর্যটন কেন্দ্র স্থাপনের পক্ষে ও বিপক্ষে স্থানীয়রা উপদেষ্টার গাড়ি বহর আটকে বিক্ষোভ করেন।



