চট্টগ্রাম প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাঠে থাকবে সেনা, নৌ, বিমানবাহিনীর সদস্যরা। বর্তমানে ৩০ হাজার মাঠে আছে। তবে নির্বাচনের সময় সেনাবাহিনীর এক লাখ সদস্য কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
চট্টগ্রাম সার্কিট হাউসে বুধবার (২৪ সেপ্টেম্বর) এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সভায় চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার কর্মকর্তারা অংশ নেন।
এ সময় তিনি বলেন, সেনাবাহিনীর সঙ্গে পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ড ও প্রশাসনের লোকজন থাকবেন। নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না, এটি নির্ভর করে জনগণের ওপর। জনগণই আসল শক্তি। জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে কেউ আটকাতে পারবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হয়ে গেলে নির্বাচন হতে সুবিধা। এরপর নির্বাচনী কর্মকর্তা, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় সুষ্ঠু-সুন্দর নির্বাচন হবে।
সন্ত্রাসীদের হাতে থাকা অবৈধ অস্ত্র আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় নির্বাচনে প্রভাব ফেলবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অস্ত্র উদ্ধারে পুলিশের সফলতা অনেক। ইতোমধ্যে অনেক অস্ত্র উদ্ধার হয়েছে। কিছু অস্ত্র বাইরে রয়ে গেছে। নির্বাচনের আগে আরও অস্ত্র উদ্ধার হয়ে যাবে।



