ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার দুপুরে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূকম্পনটি বেলা ১টা ৫২ মিনিটে অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরা অঞ্চল বলে নিশ্চিত করেছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কম্পন শুরু হলে জেলার বিভিন্ন বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান দুলতে থাকে। অনেক জায়গায় পুকুরের পানি উপচে ওঠার খবর পাওয়া গেছে। জুমার নামাজের কিছুক্ষণ পরই এই কম্পন অনুভূত হওয়ায় মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শত শত মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।
সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। ভূমিকম্পটির উৎপত্তিস্থল সাতক্ষীরা জেলা ও পার্শ্ববর্তী এলাকা।



