বিনোদন ডেস্ক : জাতীয় সংসদের বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তাই অন্য প্রার্থীদের চেয়ে তার ব্যস্ততা বেশি। শীত উপেক্ষা করে প্রচারে দিনরাত কেটে যাচ্ছে হিরো আলমের। শনিবার বগুড়া সদর আসনের শহরের সাতমাথা, জলেশ্বরীতলাসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ‘একতারা’ মার্কায় ভোট চেয়ে প্রচারণা চালান।
তার পিকআপ ভ্যানকে বানানো হয়েছে নির্বাচনী মঞ্চ। ভ্যানে রাখা হয়েছে মাইক ও দু‘পাশে ঝুলছে হিরো আলমের ছবি ও ‘একতারা’ প্রতীকের ব্যানার। হিরো আলম নিজেই পিকআপভ্যানের সামনে দাঁড়িয়ে হাত নেড়ে ভোটারদের শুভেচ্ছা জানান। প্রচারণার সময় হিরো আলম ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। নির্বাচনে জয়ী হওয়ার সুযোগ চেয়ে পরিবারসহ সবাইকে একতারা মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানান।
হিরো আলম সাংবাদিকদের বলেন, আগামী ১ ফেব্রুয়ারি বগুড়া-৬ ও বগুড়া-৪ আসনের উপনির্বাচনে একতারা প্রতীক নিয়ে ভোট করছি। অনেক সংগ্রাম ও লড়াই করে হাইকোর্ট থেকে রায় পেয়ে আমি ভোট করতে পারছি। আমার অনুরোধ, আমাকে শুধু মাত্র ১০ মাসের জন্য সুযোগ দিয়ে দেখুন। যদি কাজ করতে না পারি তাহলে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েন। অনেক সুন্দর চেহারা ক্ষমতাবানকে ভোট দিয়েছেন, একবার আমার মতো পাগলকে ভোট দিয়ে দেখেন। আমি এলাকার চেহারা পাল্টে দেবো বলে প্রতিশ্রুতি দেন এই হিরো।



