বাংলাগেজেট রিপোর্ট : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে ঘুরে যাওয়ার পর বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (১৬ মে) জাতীয় প্রেস ক্লাবে শেখ হাসিনার বাংলাদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে মন্ত্রী এ মন্তব্য করেন।
ড. হাছান মাহমুদ বলেন, ডোনাল্ড লু বাংলাদেশ ঘুরে গেছেন। এ নিয়ে বিএনপির মাথা আরও খারাপ হয়ে গেছে। অনেক চেষ্টা করেছিলেন সাক্ষাৎ করতে। তাদের সে আশায় পানি ঢেলে বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়।
শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার আগমন ঠেকানোর জন্য জিয়াউর রহমান সব প্রচেষ্টা নিয়েছিলেন। তারপর শেখ হাসিনার আগমনের দিন সমাবেশ না হওয়ার জন্য সব প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। তারপরেও ১৯৮১ সালের ১৭ মে তার আগমনে জনসমুদ্র সৃষ্টি হয়।
তিনি বলেন, জিয়াউর রহমান বারবার আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা করেছেন। কিন্তু শেখ হাসিনা যখন ফিরে এলেন এবং দলের দায়িত্ব নিলেন তখনই সব নেতাকর্মী উচ্ছ্বাসে ফেটে পড়েন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির ষড়যন্ত্র কাজে দেয়নি। আমি তাদের অনুরোধ করব তারা গণতন্ত্রের স্বার্থে নিজের দলকে নিশ্চিহ্ন হওয়ার হাত থেকে বাঁচাতে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা নেবে এবং সব নির্বাচনে অংশ নেবে।



