বাংলাগেজেট রিপোর্ট : নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের’ কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছেন কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেয় সংগঠনটি।
এসময় আবু বাকের মজুমদার বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গতকাল আত্মপ্রকাশ করেছে। এই ছাত্র সংগঠনের জন্য ঢাকাসহ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা কাজ করে এসেছি। আমরা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছি, তাদের মতামত শুনেছি এবং নতুন বাংলাদেশে ছাত্র সংগঠন কেমন হতে পারে সেই বিষয়ে শিক্ষার্থীদের মতামত নিয়ে আমরা পেপারওয়ার্ক করেছি।
তিনি বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি চায় না। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ— আমরা সিদ্ধান্ত নেই, আমাদের এই ছাত্র সংগঠনটি কখনোই লেজুরবৃত্তি করবে না। এই ছাত্র সংগঠন গণতান্ত্রিক উপায়ে কাউন্সিলের মাধ্যমে বটম টু টপ অ্যাপ্রোচে তাদের নেতৃত্ব বাছাই করবে। আমরা দেখি, বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে বয়সসীমা নিয়ে অনেক প্রশ্ন আছে। অনেকে অছাত্র হয়েও সংগঠনে থাকেন। আমাদের এই সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে (কোনো সদস্যের) সর্বোচ্চ বয়স ২৮ বছর হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার কমিটিগুলোতে যারা নেতৃত্বে থাকবেন, তারা ভর্তি হওয়া থেকে সর্বোচ্চ সাত বছরের মধ্যে নেতৃত্বে আসতে পারবেন।
তিনি বলেন, নারীদের জন্য কমফোর্ট জোন পলিটিক্সের কথা আমরা বলছি। আমরা সেই চর্চা করব, সেই অঙ্গীকারও শিক্ষার্থীদের কাছে আমরা করেছি।



