বাংলাগেজেট রিপোর্ট : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐক্যের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপের সমস্যা সমাধান হবে।
সোমবার (১৪ এপ্রিল) বিকেলে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, আমরা গোটা জাতি আশা করছি, বাংলা নববর্ষ ১৪৩২ গোটা জাতির জন্য নতুন দিগন্ত নিয়ে আসবে। বাংলাদেশের প্রতিটি মানুষের মন ও হৃদয় উদ্ভাসিত হবে, নতুন সম্ভাবনার আনন্দে। এটাই আমরা প্রত্যাশা করি। মনে করি আমাদের অতীতের যত ধুলোবালি, জঞ্জাল সবকিছু উড়িয়ে দিয়ে এই নতুন বৈশাখ সম্পূর্ণ এক নতুন বাংলাদেশ সৃষ্টি করবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরাতো সব সময় বলে আসছি, একটা আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্যে দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ তৈরি করব। নিঃসন্দেহে আমাদের মধ্যে এই ঐক্য সম্ভব হবে। আমরা সফলও হবো। নির্বাচন ডিসেম্বর থেকে শিফটিং হচ্ছে এই সমস্যারও সমাধান হবে।



