ডেস্ক রিপোর্ট : ভারত-পাকিস্তান যুদ্ধের খবরে পুঁজিবাজারে দরপতন ঘটেছে। এমনিতে বাজার তলানীতে। বুধবার লেনদেন শুরুর পর থেকে শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে শুরু করে।ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এক লাফে ১৪৯ পয়েন্ট কমে নেমেছে ৪ হাজার ৮০২ পয়েন্টেGযা গত সাড়ে ৪ বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২০ সালের ১২ অক্টোবর ডিএসইর প্রধান সূচক ছিল ৪ হাজার ৮০৯ পয়েন্ট।
বুধবার মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন স্থানে হামলা চালায় ভারত। এর জবাবে পাকিস্তানও ভারতে হামলা চালিয়েছে। দুই দেশে পাল্টাপাল্টি এ হামলার প্রভাব পড়েছে দেশের পুঁজিবাজারে। আস্থা সংকটে বড় দরপতন ঘটেছে। দিনভর ক্রেতা সংকটে ছিল দেশের দুই শেয়ারবাজার।
সকাল ১০ টায় লেনদেন শুরুর পর থেকেই শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে শুরু করে সূচক। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স দেড় শতাংশের বেশি কমে ৪ হাজার ৮৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস ৩০ এক শতাংশের বেশি কমে ১ হাজার ৮১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। শরীয়াহ সূচক ডিএসইএস প্রায় ২ শতাংশ কমে ১ হাজার ৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, ভারত-পাকিস্তান যুদ্ধ এবং বর্তমান কমিশনের প্রতি বিনিয়োগকারীদের অনাস্থা এই ধসের অন্যতম কারণ। দীর্ঘদিন ধরে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থাহীনতা এবং যুদ্ধের ধামামা পরিস্থিতিকে আরও গভীরতর করে তুলেছে।
ডিএসইতে দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় মাত্র ৫টি কোম্পানির। বাকি ৩৮৫টি প্রতিষ্ঠানের দাম কমেছে।



