বাংলাগেজেট রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের ক্লিন ইমেজের কর্মীরাও বিএনপির সদস্য হতে পারবেন।
বৃহস্পতিবার ( ৮ মে) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, যারা পূর্বে আওয়ামী লীগ করতেন, তবে দলটির দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে সরব ছিলেন; তারাও বিএনপির সদস্য হতে পারবেন।
তিনি বলেন, আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই বিএনপির সদস্য নবায়ন এবং দলের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চলবে।
রিজভী বলেন, অনেকেই ‘স্বৈরাচার আমলে’ বিএনপির সদস্য হতে চেয়েও পারেননি। এখন সেই ভীতিকর পরিস্থিতি না থাকায় অনেকেই সদস্য সংগ্রহ অভিযানে সাড়া দেবে। বিএনপির লক্ষ্য, এক কোটিরও বেশি নতুন কর্মী দলের সঙ্গে যুক্ত করা।
উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সব বিভাগীয় শহরে সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে বলে রিজভী জানান।



