ডেস্ক রিপোর্ট : ভারতের আদালত থেকে জামিন পেয়ে পালিয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রতারণায় অভিযুক্ত বনানী থানার পরিদর্শক সোহেল রানা। ভারতের মেখলিগঞ্জ থানায় প্রতি সপ্তাহে সশরীরে থানায় হাজিরা দেওয়ার শর্তে জামিন পেয়েছিলেন।পরে খোঁজ নিয়ে দেখা যায়, ৪২ দিন যাবত তিনি নিখোঁজ। দেশটির পুলিশ কলকাতা হাইকোর্টকে এ তথ্য জানিয়েছেন।
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের কারণে সোহেল রানাকে গ্রেপ্তার করেছিল দেশটির পুলিশ। দেশটির পুলিশ সদর দপ্তর হাইকোর্টকে জানায়, সোহেল রানা বর্তমানে আলীপুরের প্রেসিডেন্সি জেলে রয়েছেন। পরে খোঁজ নিয়ে জানা যায়, তিনি ৪২ দিন ধরে সেখানে নেই। পুলিশ জানায়, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গত বছরের ২৩ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ তার সাজা ঘোষণা করেন। এরপর থেকে তিনি কলকাতার প্রেসিডেন্সি জেলেই ছিলেন। কিন্তু জেলে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বছরের ডিসেম্বর মাসে জামিনের আবেদন করেন সোহেল।
মেখলিগঞ্জ থানায় প্রতি সপ্তাহে সশরীরে হাজিরা এবং থানা এলাকার বাইরে যাওয়া যাবে না এমন শর্তে র ৮ ডিসেম্বর তার জামিন মঞ্জুর করেন আদালত।
পুলিশ জানায়, জামিন পাওয়ার পর থানায় এসে হাজিরা দেওয়ার পরিবর্তে তিনি একটি ই-মেইলের মাধ্যমে জানান শারীরিক অবস্থার অবনতির জন্য তাকে উন্নত চিকিৎসা নিতে থানা এলাকার বাইরে যেতে হচ্ছে। এ বিষয়ে কোচবিহার জেলা সদর হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত কিছু কাগজও থানায় ই-মেইল করেন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি।



