আন্তর্জাতিক ডেস্ক : সাম্প্রতিক মাসগুলোয় রাশিয়া থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল কিনেছে চীন। গত বছর দেশটিতে শীর্ষ সরবরাহকারী ছিল সৌদি আরব। এক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। খবর অয়েলপ্রাইস ডটকম।
চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস জানায়, ২০২২ সালে চীন সৌদি আরব থেকে দৈনিক গড়ে সাড়ে ১৭ লাখ ব্যারেল করে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে। ২০২১ সালের মতো প্রায় অপরিবর্তিতই ছিল আমদানি।
অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি ৩১ শতাংশ কমেছে। গত বছর মালয়েশিয়া থেকে আমদানি বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মালয়েশিয়া থেকে কেনা এসব তেল মূলত ইরান ও ভেনিজুয়েলার। মূলত মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে দেশ দুটি মালয়েশিয়ার মাধ্যমে চীনে রফতানি করছে।



