বাংলাগেজেট রিপোর্ট :পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে বসছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। মঙ্গলবার এ বৈঠক হবে।
সোমবার নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আমরা সংসদ সচিবালয়ের কাছে বৈঠকের সময় চেয়েছিলাম। মঙ্গলবার দুপুর ২টায় বৈঠকটি হবে।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি কার্যভার গ্রহণের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর তার পদে অধিষ্ঠিত থাকতে পারেন। বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৮ সালের ২৪ এপ্রিল কার্যভার গ্রহণ করেন। সে মোতাবেক তার দায়িত্বের পাঁচ বছর মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল।
এদিকে, রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার কারণে পদটি শূন্য হলে মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান আছে। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের সময় গণনা শুরু হবে আগামী ২৪ জানুয়ারি। ভোট গ্রহণ করতে হবে ২৩ ফেব্রুয়ারির মধ্যে।
২০১৮ সালের ২৫ জানুয়ারি সর্বশেষ এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৫ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই করা হয় ৭ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের সময় ছিল ১০ ফেব্রুয়ারি। ভোট গ্রহণের সময় রাখা হয়েছি ১৮ ফেব্রুয়ারি। সে সময় ২২ দিনের মধ্যে পুরো কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। তবে, সে সময় বর্তমান রাষ্ট্রপতি একক প্রার্থী থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।



