স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন দুই আফগান ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ। কিন্তু সংগ্রহটা বড় হতে দেননি উগান্ডার বোলাররা। ফজলহক ফারুকির বোলিং তোপে করতে হলো অসহায় আত্মসমর্পণ। আফ্রিকার দেশটিকে বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল আফগানিস্তান।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আসরের পঞ্চম ম্যাচে মঙ্গলবার ১২৫ রানে জিতেছে আফগানরা। ১৮৪ রানের লক্ষ্যে ২৪ বল বাকি থাকতে স্রেফ ৫৮ রানে গুটিয়ে যায় উগান্ডা। বিশ্বকাপে এটি আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে জয়।
আফগানদের সর্বোচ্চ রানের জয়টি এসেছিল ২০২১ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে। ম্যাচটি ১৩০ রানে জিতেছিল আফগানিস্তান।
রহমানউল্লাহ করেন ৪৫ বলে ৪টি করে ছক্কা-চারে ৭৬ রান। ইব্রাহিমের ব্যাট থেকে আসে ৪৬ বলে ৯টি চার ও ১ ছক্কায় ৭০ রানের ইনিংস। পরে দুর্দান্ত বোলিংয়ে ৪ ওভারে স্রেফ ৯ রান দিয়ে ৫ উইকেট নিয়ে উগান্ডাকে একাই ধ্বসিয়ে দেন ফারুকি। টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ সেরা বোলিং এটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ৫ উইকেট শিকারের দিনে ম্যাচ সেরার খেতাবও জিতে নিয়েছেন এই পেসার।
নিজের প্রথম ওভারেই টানা দুই বলে দুটি শিকার ধরেন ফারুকি। দ্বিতীয় স্পেলে আসেন ১৩তম ওভারে। তৃতীয় ওভারের প্রথম দুই বলেই তুলে নেন দুই উইকেট। শেষ বলে নেন আরেকটি।
প্রথম স্পেলের সময় তার সাথে উইকেট শিকার উৎসবে যাগ দেন নাভিন-উল-হক। ২৫ বছর বয়সী এই পেসারও এক ওভারে দুটি শিকার ধরলে ১৮ রানে ৫ উইকেট হারায় উগান্ডা।



