ডেস্ক রিপোর্ট : ‘২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৫’ উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
রোববার (২৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে আগামী বুধবার (১ জানুয়ারি) ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৫ শুরু হচ্ছে।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পূর্বাচল নতুন শহরের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) বাণিজ্য মেলার উদ্বোধন করবেন।
ইপিবি সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের চেতনা সামনে রেখে আয়োজন করা হচ্ছে এবারের বাণিজ্য মেলা। মেলায় জুলাই বিপ্লবের চেতনাকে সামনে রেখে ভিন্ন ভিন্ন নামে তিনটি চত্বর বানানোর কাজ প্রায় শেষ করে এনেছে ইপিবি কর্তৃপক্ষ। এই তিন অস্থায়ী চত্বরের কাঠামো নির্মাণের কাজ শেষ পর্যায়ে। সব কাজ শেষে এবারের মেলা অপরাপর বছরগুলোর তুলনায় দেশি-বিদেশি দর্শনার্থীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবে বলে বিশ্বাস ইপিবি কর্তৃপক্ষের।
ইপিবি জানিয়েছে, এবারের মেলার মূল ভবনের প্রধান ফটকে থাকবে ‘তারুণ্য চত্বর’, মেলা প্রঙ্গণে অবস্থিত হল বি’র পেছনে থাকবে ‘৩৬শে জুলাই চত্বর’, এছাড়া মেলায় প্রবেশমুখের ঠিক বাম দিকে তৈরি করা হচ্ছে ‘জুলাই চত্বর’। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের সম্মান জানাতে থাকবে ‘শহীদ আবু সাঈদ’ ও ‘মীর মুগ্ধ’ নামে দুটি কর্নার।



