বাংলাগেজেট রিপোর্ট : জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সাবেক মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বুধবার (৩০ এপ্রিল) জামিন দেন হাইকোর্ট।
পরে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে সন্ধ্যায় আপিল বিভাগের চেম্বার আদালত ওই জামিন আদেশ স্থগিত করেন। কিছুক্ষণ পরে স্থগিতাদেশ প্রত্যাহার করে ফের রোববার রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানির জন্য ধার্য করেছেন।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই আদেশ দেন।
বুধবার বিকাল তিনটার পর চিন্ময় দাসের জামিন প্রশ্নে রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করে তাকে জামিন দেন হাইকোর্ট। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। পরেরাষ্ট্রপক্ষ তাৎক্ষণিকভাবে ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন। আবেদনের ওপর চেম্বার আদালতে অতিরিক্ত অ্যাটর্নী জেনারেল ব্যারিস্টার অনিক আর হক শুনানি করে চেম্বার বিচারপতির আদালত হাইকোর্টের রায়ের অনুলিপি প্রকাশ ও নিয়মিত লিভ টু আপিল দায়ের না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ জারি করেন। এই আদেশের সময় চিন্ময় দাসের আইনজীবী আদালতে ছিলেন না।
পরে চিন্ময় দাসের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য বলেন, স্থগিতাদেশের খবর শুনে সন্ধ্যায় আমি চেম্বার বিচারপতির বেঞ্চ অফিসারের কাছে খবর নিতে যায়। তখন বেঞ্চ অফিসার জানিয়েছেন, ওই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, চেম্বার আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করে রোববার শুনানির জন্য ধার্য করেছেন। ওই দিন আদালত চিন্ময় দাসের আইনজীবীর বক্তব্য শুনে আদেশ দেবেন।



