বাংলাগেজেট রিপোর্ট : দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বেড়েছে রিজার্ভের পরিমাণ। প্রবাসী আয়ের ইতিবাচক ধারায় বাড়ছে বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ। এপ্রিল মাসের মাঝামাঝি দেশের মোট রিজার্ভ বেড়ে প্রায় পৌনে ২৭ বিলিয়নের কাছাকাছি পৌঁছায়। অবশেষে সেই রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
বুধবার (৩০ এপ্রিল) পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী দেশের রিজার্ভ রয়েছে ২২ দশমিক শূন্য ৫ বিলিয়ন ডলার। চলতি মাস ১৭ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ২৬ দশমিক ৭৩ বিলিয়ন বা ২ হাজার ৬৭৩ কোটি ডলার। আইএমএফ হিসাব পদ্ধতি (বিপিএম-৬) অনুযায়ী রিজার্ভ ছিল ২১ দশমিক ৩৯ বিলিয়ন বা ২ হাজার ১৩৯ কোটি ডলার।
এবছর ঈদুল ফিতরের আগে দেশের ইতিহাসে এক মাসে রেকর্ড ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছিল। ঈদের পরেও রেমিট্যান্সের ধারা অব্যাহত রয়েছে। এপ্রিল মাসের ২৯ দিনে এসেছে ২.৬১ বিলিয়ন (২৬১ কোটি ৭০ লাখ) ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৩১ হাজার ৮০৫ কোটি টাকার বেশি। এ মাসে প্রতিদিন গড়ে এসেছে প্রায় ৯ কোটি ডলার বা এক হাজার ৯৭ কোটি টাকা।



