স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ৩৪ বছর পর টেস্টে পাকিস্তানকে হারিয়ে জয় পেল ওয়েস্ট উইন্ডিজ। প্রতিপক্ষকে ঘায়েল করতে যে কৌশলের জাল পেতেছিল পাকিস্তান, সেই জালে ধরা পড়ল নিজেরাই। জোমেল ওয়ারিক্যান ও অন্য দুই স্পিনারের দুর্দান্ত পারফরম্যান্সে ৩৪ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল ওয়েস্ট ইন্ডিজ।
মুলতান ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের প্রথম সেশনেই সোমবার ১২০ রানের বিশাল ব্যবধানে জিতেছে উইন্ডিজ। ২৫৪ রানের লক্ষ্যে ১৩৩ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস।
সবশেষ ১৯৯০ সালে ফায়সালাবাদে ৭ উইকেটে জিতেছিল তারা। ডেসমন্ড হেইন্সের নেতৃত্বে সেই জয়ে বড় ভূমিকা রেখেছিল ক্যারিবিয়ানদের পেস ব্যাটারি- ম্যালকম মার্শাল, কোর্টনি ওয়ালশ, কার্টলি অ্যামব্রোস ও ইয়ান বিশপ।
প্রথম টেস্টেও উইন্ডিজ হেরেছিল আড়াই দিনে। দুই টেস্টের সিরিজ তাই শেষ হলো ১-১ সমতায়।



