বাংলাগেজেট রিপোর্ট : সংস্কার ছাড়া নির্বাচন হলে ফের স্বৈরাচারের পুনরুত্থান হতে পারে। শনিবার (১ মার্চ) মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুজন আয়োজিত মানববন্ধনে এ আশঙ্কা প্রকাশ করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।
তিনি বলেন, সংস্কারগুলো দ্রুততার সঙ্গে হওয়া উচিত। তাহলে দ্রুত একটি নির্বাচন হতে পারে। সুজনের সম্পাদক বলেন, আন্দোলন কিন্তু শুধু শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার উদ্দ্যেশ্যে নয়; এটা ছিল স্বৈরাচারী ব্যবস্থার বিতরণ ও স্বৈরাচারী পদ্ধতি, প্রক্রিয়া, প্রতিষ্ঠানগুলোর পরিবর্তন। স্বৈরাচারী পদ্ধতি শেখ হাসিনাকে দানবে পরিণত করেছিল।
বদিউল আলম বলেন, শেখ হাসিনা আকাশ থেকে আবির্ভূত হননি, একটি পদ্ধিতির মধ্য দিয়ে তিনি তা হয়েছেন। এই পদ্ধতির সংস্কারের প্রয়োজন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে রাজনৈতিক অঙ্গনকেও পরিচ্ছন্ন করা লাগবে। নয়তো আবারও স্বৈরাচার তৈরি হবে। এই লুই কানের সুন্দর ভবনে যেন অসুন্দর মানুষ আর ঢুকতে না পারে।



