বাংলাগেজেট রিপোর্ট : আগামী অক্টোবরেই জাতীয় নির্বাচনের সিডিউল (তফসিল) ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
সোমবার (১০ মার্চ) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি এ কথা জানান ।
জাতীয় নির্বাচনের ট্রেনে উঠেছেন কি না; সাংবাদিকদের এ প্রশ্নের সিইসি বলেন, প্রধান উপদেষ্টা যেদিন ঘোষণা দিয়েছেন, সেদিন থেকেই আমরা জাতীয় নির্বাচন প্রস্তুতি নিয়ে কাজ করছি। তবে, জাতীয় নির্বাচনের ঘোষণা কিন্তু প্রধান উপদেষ্টা দেবেন।
তিনি বলেন, আমাদের টাইমলাইন ডিসেম্বর; এটা মাথায় রেখেই কাজ করছি। ডিসেম্বরে ভোট হলে অক্টোবরে সিডিউল ঘোষণা করতে হবে। টাইমলাইন যাতে মিস না করি, সেভাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছি।



