বাংলাগেজেট রিপোর্ট : পূর্বাচল আবাসন প্রকল্পে অনিয়মের মাধ্যমে প্লট বরাদ্দের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তাদের পরিবারের সদস্যসহ মোট ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ আনা হয়েছে।
সোমবার (১০ মার্চ) এই চার্জশিট আদালতে দাখিলের প্রক্রিয়া শুরু হয়। গত ১২, ১৩ ও ১৪ জানুয়ারি অভিযোগগুলোর ভিত্তিতে মামলাগুলো দায়ের করা হয়। চার্জশিটে নতুন করে সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিনের নাম যুক্ত করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে তার পরিবার ও ঘনিষ্ঠজনদের জন্য পূর্বাচল নতুন শহর প্রকল্পের কূটনৈতিক জোনে ৬০ কাঠা জমি বরাদ্দ নেন, যা আইনগতভাবে গ্রহণযোগ্য ছিল না।
চার্জশিটে উল্লেখিত আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), বোন শেখ রেহানা এবং শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিক। এছাড়া, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ জন সাবেক ও বর্তমান কর্মকর্তা, রাজউকের সাবেক চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তাদের নামও চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে।



