বাংলাগেজেট রিপোর্ট ” আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা। এর আগে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এর পর আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করেন।
শুক্রবার (৯ মে) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে মিন্টো রোড থেকে শাহবাগ অভিমুখে মিছিল নিয়ে আসেন আন্দোলনকারীরা। এরপর শাহবাগ মোড়ে বসে পড়েন আন্দোলনকারীরা।
কর্মসূচি ঘোষণার সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, ইন্টেরিমের কানে আমাদের দাবি পৌঁছায়নি। সেজন্য আমরা শাহবাগ অবরোধে যাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান করব।
তিনি বলেন, ‘১০০টা ফেরাউন একসঙ্গে করলেও একটা হাসিনা পাওয়া যাবে না। আওয়ামী লীগকে কোন কারণে রাজনৈতিক দল বলা হয়? আমরা শুনতে পাচ্ছি প্রধান উপদেষ্টা নাকি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার চেষ্টা করছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে তিনি নাকি আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’
সকালে যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এই জমায়েতের ডাক দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
বিকেল তিনটায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন সড়কে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আশরাফ মাহাদী। সমাবেশে এনসিপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও ইসলামি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।



