আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের কারাবন্দি নেতা আবদুল্লাহ ওকালান তার কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-কে অস্ত্র সমর্পণ করতে আহ্বান জানিয়েছেন, যা তুরস্কের ৪০ বছরের সংঘাতের সমাপ্তি ঘটাতে পারে। এটি তুরস্কের কুর্দি জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং নিরাপত্তা পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। কারাবন্দি ওকালান, তুরস্কের কুর্দিপন্থি ডিইএম পার্টির প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করে তিনি পিকেকে’কে অস্ত্র সমর্পণ করার আহ্বান জানান। তিনি বলেন, “আমি অস্ত্র সমর্পণের ঐতিহাসিক দায়িত্ব গ্রহণ করছি”। তার এই বক্তব্য তুরস্ক এবং কুর্দি জনগণের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার অবসান ঘটানোর সম্ভাবনা তৈরি করেছে।
তুরস্কের সরকারের সঙ্গে কুর্দিদের দীর্ঘস্থায়ী সংঘাতের সমাপ্তির লক্ষ্যে এই আহ্বান নেওয়া একটি বড় পদক্ষেপ হতে পারে। পিকেকে ১৯৮৪ সালে কুর্দিদের জন্য জাতিগত আবাসভূমি প্রতিষ্ঠার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল, যার ফলে ৪০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বর্তমানে পিকেকে তাদের বিচ্ছিন্নতাবাদী লক্ষ্য থেকে সরে এসে স্বায়ত্তশাসন এবং কুর্দি অধিকারের দাবিতে অগ্রসর হচ্ছে।



