বাংলাগেজেট রিপোর্ট : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত বাসা থেকে ময়লা সংগ্রহের বিল ১০০ টাকার বেশি নিলে ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।
বুধবার লালবাগের শহিদনগর শ্মশানঘাট এলাকায় মশক নিধনে বিশেষ পরিচ্ছন্নতা ও ক্রাশ প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ উপস্থিত ছিলেন।
মশার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ক্রাশ প্রোগ্রামের অংশ হিসেবে ডিএসসিসির ২৪ নম্বর ওয়ার্ড এলাকায় কর্মসূচির আয়োজন করা হয়। এই অভিযানে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের প্রায় ২০০ জন কর্মী অংশ নেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক মো. আবদুস সালাম বলেন, বাসা থেকে ময়লা সংগ্রহের বিল নির্ধারিত ১০০ টাকার বেশি কেউ দাবি করলে আপনারা সিটি কর্পোরেশনে জানাবেন। অভিযোগ প্রমাণিত হলে ময়লা সংগ্রহের দায়িত্বে থাকা ঠিকাদারের চুক্তি বাতিল করা হবে।
এসময় প্রশাসক আব্দুস সালাম প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডিএসসিসির কবরস্থানে লাশ দাফন ও শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া বাবদ নিবন্ধন ফি ১০০০ টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা করার ঘোষণা দেন ।



