বাংলাগেজেট রিপোর্ট : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রাজধানী ঢাকাসহ দেশের সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন। শনিবার দুপুরে রাজধানীর রমনা মডেল থানা আকস্মিক পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন।
থানায় প্রবেশ করেই স্বরাস্ট্র মন্ত্রী ওসির রুমে প্রবেশ করেন। এসময় তিনি থানার কর্মকর্তাদের সাথে কথা বলেন। এরপর মন্ত্রী থানার বিভিন্ন কক্ষ ও হাজতখানাসহ থানার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। তিনি থানার ওসি ও ডিউটি অফিসারসহ কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন; তাদের খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।
মন্ত্রী সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ জনগণকে (সেবাগ্রহীতাদেরকে) সেবা প্রদানের জন্য উপস্থিত পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
পুলিশ সদস্যদের মধ্যে কারো বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাদের রিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে মন্ত্রী হুঁশিয়ারি ব্যক্ত করেন।



