ডেস্ক রিপোর্ট : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে সরকার দ্রুত তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করবে। আমি দীর্ঘদিন ধরে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। রংপুর অঞ্চলের প্রায় দুই কোটি মানুষ এ আন্দোলনের সঙ্গে জড়িত। সরকার এ বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ রাখছে। চীন তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তার আগ্রহ দেখিয়েছে। প্রধানমন্ত্রী শিগগিরই চীন সফর করবেন। জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে সরকার দ্রুত কাজ শুরু করবে বলে আমি আশাবাদী।
সোমবার লালমনিরহাট স্টেডিয়ামে প্রাণ-আরএফএল গ্রুপ আয়োজিত চাকরি মেলা-২০২৬ উদ্বোধন শেষে সাংবাদিকদের ত্রাণমন্ত্রী এ কথা বলেন
তিনি বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার কাজ করছে। বেসরকারি শিল্পখাতের পাশাপাশি সরকারি ক্ষেত্রেও নতুন নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।
আসাদুল হাবিব বলেন, বাংলাদেশে বেকারত্ব এখন একটি বড় অভিশাপ হিসেবে দেখা দিয়েছে। বিষয়টি ভয়াবহ রূপ ধারণ করেছে। এ সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। ধীরে ধীরে আগামী পাঁচ বছরের মধ্যে তা বাস্তবায়নের চেষ্টা করা হবে।



