আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা চরমে। মঙ্গলবার (৫ মে, ২০২৬) অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে চলতি বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং প্রধান তেল সরবরাহ রুটগুলোতে ক্রমবর্ধমান উত্তেজনার ফলে বিশ্ব অর্থনীতিতে নতুন করে উদ্বেগের কালো মেঘ দেখা দিয়েছে।
হরমুজ সংকট না কাটায় অস্থিরতা বিরাজ করছে জ্বালানি তেলের বাজারে। হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর জাহাজে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এমন খবরে গতকাল সোমবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে।
মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় মার্কিন শেয়ারবাজারের প্রধান সূচকগুলো তাদের রেকর্ড উচ্চতা থেকে নিচে নেমে এসেছে। একই সময়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে।
অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্টের দাম ব্যারেল প্রতি ৫ দশমিক ৮ শতাংশ বেড়ে ১১৪ ডলার ৪৪ সেন্টে পৌঁছেছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই প্রথম সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দাবি করেছে যে তারা ইরানের আক্রমণের শিকার হয়েছে—আর এই খবরটিই মূলত জ্বালানি তেলের বাজারে বড় ধরনের ধাক্কা দিয়েছে।
সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববাজারের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড এবং মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) উভয়ের দামই এক লাফে অনেকটা বেড়েছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি এবং প্রধান উৎপাদনকারী দেশগুলোর সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় দামের এই ঊর্ধ্বগতি আরও কিছুদিন স্থায়ী হতে পারে।



