ডেস্ক রিপোর্ট : পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতন ও ভোটাধিকার হরণের ঘটনা বাংলাদেশেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলের পর বাংলাদেশের দায়িত্ব অনেক বেড়ে গেছে। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে দায়িত্বশীল আচরণ করতে হবে।
বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই স্মৃতি হলে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সম্প্রতি পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে। বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকা হিসেবে পশ্চিমবঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন ভারতের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে মন্তব্য করতে চাই না। তবে নির্বাচনের আগে কয়েক লাখ ভোটারের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে এবং তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এসব ভোটারের অধিকাংশ ছিলেন মুসলমান ও মতুয়া সম্প্রদায়ের।



