হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের হাজী আবদুল জব্বার জি এল একাডেমি অ্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক এম মখলিছুর রহমান হিরো আলমকে গাড়ি উপহার দেওয়ার কথা বলেছিলেন। সেই গাড়ি নিতে মঙ্গলবার হবিগঞ্জ যান হিরো আলম।
মঙ্গলবার বেলা ৩টায় নরপতি গ্রামে অধ্যক্ষ এম মখলিছুর রহমানের কাছ থেকে গাড়ির কাগজপত্র ও চাবি গ্রহণ করেন। অনুষ্ঠানে হিরো আলমকে সম্মাননাও প্রদান করা হয়।
হিরো আলমের আগমন উপলক্ষে নরপতি গ্রামের মখলিছুর রহমানের বাড়ির সামনে ছিল সাজ সাজ রব। বেলা আড়াইটায় হিরো আলম অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত হলে জনতার ঢল নামে । তিনি একটি গাড়িতে হবিগঞ্জ পৌঁছলে সেখানে অপেক্ষারত মখলিছুর রহমান হিরো আলমকে জড়িয়ে ধরেন। এ সময় হিরো আলমকে আবেগে বারবার চুমু খান।
হিরো আলম বক্তব্যের শুরুতেই মঞ্চ থেকে নেমে অতিরিক্ত মানুষকে নেমে যাওয়ার জন্য অনুরোধ করে বলেন, ‘আমরা মঞ্চ ভেঙে পড়ার ভিডিও দেখেছি। তাই আমাদেরও যাতে সে রকম না হয়, সে জন্য অতিরিক্ত মানুষকে মঞ্চ থেকে নামতে হবে।’
গাড়ির চাবি গ্রহণ করে বলেন, ‘ভালোবাসার উপহার গাড়ি গ্রহণ করলাম। কিন্তু আমার গাড়ি আছে। এখানে এসেছি ভালবাসার টানে। এই ভালোবাসার উপহার আমি গ্রহণ করেছি। গাড়িটি দরিদ্র রোগী ও লাশ পরিবহনের জন্য এম্বুলেন্স বানিয়ে ব্যবহার করা হবে।’
শিক্ষক এম মখলিছুর রহমান বলেন, ‘হিরো আলম বাংলার বাঘ। বগুড়ায় দুটি আসনে নির্বাচনের সময় ফেসবুকে আমার ভাই এই বাংলার নায়ক হিরো আলমকে সিলেটবাসীর পক্ষ থেকে ছোট্ট উপহার হিসেবে গাড়ি দেওয়ার ঘোষণা দিই। এরপর মিডিয়ায় আমাকে নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করা হয়। আজ হিরো আলম এসে সব কিছুর জবাব দিয়েছেন।’



