আন্তর্জাতিক ডেস্ক : জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে হামলার সঙ্গে সঙ্গেই তাকে অক্ষত অবস্থায় সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছিল পুলিশ। সেখানে কিশিদা বক্তৃতা দেওয়ার কথা ছিল। সূত্র : বিবিসি
শনিবার ওয়াকাইয়ামা শহরের সমাবেশে ভাষণ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। সেই অনুযায়ী তিনি মঞ্চে ওঠার পরপরই তাকে লক্ষ্য করে ছোড়া হয় বোমা। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি একজন ব্যক্তিকে কিছু একটা নিক্ষেপ করতে দেখেন। এরপরেই চারদিক ধোঁয়ায় ভরে যায়। অন্য একজন বলেছেন, তারা বিকট একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। এদিকে একটি ভিডিওতে দেখা যায়, অফিসাররা একজন সন্দেহভাজন ব্যক্তিকে মাটিতে উপুড় করে ধরে রেখেছেন।
পুলিশ বলছে, তারা একজনকে গ্রেপ্তার করেছেন। কিন্তু আর কোনো মন্তব্য করতে রাজি হননি তারা। ভিডিওতে দেখা যায়, বোমা বিস্ফোরণের পরেই লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী কিশিদার লিবারেল ডেমোক্রেটিক পার্টির সদস্য হিরোশি মোরিয়ামা বলেছেন, ‘গণতন্ত্রের ভিত্তি গঠনকারী নির্বাচনী প্রচারণার মাঝখানে এমন ঘটনা দুঃখজনক। এটি একটি ক্ষমার অযোগ্য নৃশংসতা।’
এর আগে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গত বছর তার নির্বাচনী প্রচারণা চালানোর সময় এক বন্দুকধারীর গুলিতে নিহত হন।



