স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরে দারুণ ক্রিকেট উপহার দিলেও ভারতের বিপক্ষে বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে করেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
দুটি টেস্ট তিনটি টি-টোয়েন্টির খেলতে রোববার ভারতের উদ্দেশে উড়াল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী বৃহস্পতিবার চেন্নাইয়ে প্রথম টেস্ট শুরু হবে।
সদ্য পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মত ঐতিহাসিক সিরিজ জয়ের নজির গড়ে টাইগাররা। এই জয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে বাংলাদেশ। কিন্তু ভারত সিরিজ বাংলাদেশের জন্য কঠিন হবে বলে জানান গাঙ্গুলী।
শনিবার সিএবি’র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে স্থানীয় গণমাধ্যমে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ নিয়ে গাঙ্গুলী বলেন, ‘ভারতের বিপক্ষে বাংলাদেশের লড়াই সহজ হবে না। বাংলাদেশকে সম্পূর্ণ সমীহ করে বলছি, বর্তমানে পাকিস্তান আর ভারত এক রকম দল নয়। দু’দলের মধ্যে পার্থক্য আছে। ভারতকে শুধু নিজেদের দেশেই নয়, বিদেশেও খেলা কঠিন।’



