বাংলাগেজেট রিপোর্ট : ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কর্যালয়ে এক যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, দেশের মানুষের জন্য ৭ নভেম্বর গুরুত্বপূর্ণ দিন। বর্তমান প্রজন্মকে এ দিনের ইতিহাস থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। তাই ব্যাপকভাবে এই দিনের ইতিহাস ও গুরুত্ব ছড়িয়ে দিতে বিএনপি ১০ দিনের কর্মসূচি হাতে নিয়েছে।
কর্মসূচিসমূহ হলো : ৬ নভেম্বর রাজধানীতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
৭ নভেম্বর ভোর ৬ টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। সকাল ১০ টায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন। সেদিন সন্ধ্যা সাড়ে ৬ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভাগীয় শহরের একই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
৮ নভেম্বর বিকেল তিনটায় রাজধানী ও বিভাগীয় শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। কেন্দ্রের সাথে আলোচনা করে জেলাগুলোতে এ কর্মসূচি অনুষ্ঠিত করবে।
দিবসটি উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় অঙ্গ সহযোগী সংগঠনগুলো কেন্দ্রের সাথে পরামর্শক্রমে নিজ নিজ উদ্যোগে আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি পালন করবে।



