ডেস্ক রিপোর্ট : জাতীয় পার্টিকে কোনো সমাবেশ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র শ্রমিক জনতার ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে ছাত্রঅধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘শনিবার জাতীয় পার্টিকে সমাবেশ করতে দেওয়া মানে আওয়ামী লীগকে পূনর্বাসিত করার আরেকটি চক্রান্ত।’
তিনি বলেন, বৃহস্পতিবার আওয়ামী লীগের ক্যাডার বাহিনী পূর্বপরিকল্পনা অনুযায়ী জাতীয় পার্টির কার্যালয়ে জড়ো হয়েছিল। আমরা কাকরাইলে পৌঁছামাত্রই আমাদের ওপর অতর্কিত হামলা করে।’
মোল্লা বলেন, ‘জাতীয় পার্টি আগামীকাল সমাবেশের ঘোষণা দিয়েছে। আমাদের কাছে খবর আছে তারা দেশের বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ক্যাডার বাহিনী নিয়ে এসে সমাবেশ করবে। আমরা বার বার আলটিমেটাম দিচ্ছি যেন ফ্যাসিবাদের দোসরদের নিষিদ্ধ করা হয়।
তারা বিভিন্ন রূপে ফেরার চেষ্টা করছে। তাদের প্রতি বর্তমান সরকারের অবস্থান কী আমরা তা জানতে চাই। ডিএমপি কমিশনার কিভাবে এই দোসরদের সমাবেশ করার অনুমতি দেন আমরা জানতে চাই।’
জাতীয় পার্টির হামলার অভিযোগ তুলে ছাত্রনেতা মশিউর রহমান বলেন, ‘গতকাল আমাদের ওপর জাতীয় পার্টি ও আওয়ামী লীগ একত্রে হামলা করে।
তারা নাকি আবার আগামীকাল সমাবেশ করবে। এটা কি মগের মুল্লুক পেয়েছে? তারা হামলাও করবে আবার সমাবেশও করবে?’
তিনি বলেন, তাদের পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার সাথে ছাত্র, শ্রমিক, জনতার কোনো সম্পর্ক নেই।



