বাংলাগেজেট রিপোর্ট : শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ বা মুজিববর্ষ উদযাপনের জন্য ২০২৪-২৫ অর্থবছরে যে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছিল তা বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।
বুধবার (২০ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, উপদেষ্টা পরিষদের বৈঠকে মুজিববর্ষ পালনের বিষয়টি উঠে আসে। সেখানে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২, ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবছরে সসব মন্ত্রণালয়/বিভাগ ও আওতাধীন দপ্তর/সংস্থা, নির্বাচন কমিশন সচিবালয়, সশস্ত্রবাহিনী বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জাতীয় সংসদ, বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের মোট এক হাজার ২৬১ কোটি পাঁচ লাখ টাকা ব্যয় সম্পর্কে উপদেষ্টা পরিষদ অবহিত হন।
বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরে এ সংক্রান্ত বাজেট বরাদ্দ বাতিল করার সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ্শফিকুল আলম বলেন, মুজিববর্ষকে ঘিরে কীভাবে একটা একটা উন্মাদনা হয়েছে। মুজিববর্ষে কি ধরনের কাজ হয়েছে, কত টাকা অপচয় হয়েছে সেটা নিয়ে ডকুমেন্ট করার কথা উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে। মুজিববর্ষের নামে কোন মন্ত্রণালয় কত টাকা খরচ করেছে তা নিয়ে ডকুমেন্টেশন হবে। মুজিববর্ষের নামে কোন কোন মন্ত্রণালয় কী কী খাতে কত টাকা অপচয় করেছে তার একটা তালিকা করা হবে।



