ডেস্ক রিপোর্ট : মসজিদ নির্মাণ করে মুসল্লিদের প্রশংসায় ভাসছেন সনাতন ধর্মাবলম্বী এক জেল সুপার। নতুনভাবে নির্মিত কারাগারের আশে-পাশে কোনো মসজিদ ছিল না। ছিল না সরকারি অনুদানও। নিজ উদ্যোগে টাকা সংগ্রহ করে দৃষ্টিনন্দন এই জামে মসজিদ নির্মাণ করেন মাদারীপুর জেল সুপার তুহিন কান্তি খাঁন। শুধু তাই না ওযুখানা, শৌচাগার, গোসলখানা, ইমাম-মুয়াজ্জিনের আবাসন, দৃষ্টিনন্দন টাইলস দিয়ে সবকিছু করা হয়েছে নিপুণভাবে।
৩০ লাখ টাকা ব্যয়ে মাত্র চার মাসেই মাদারীপুর কারা জামে মসজিদ নির্মাণ করায় খুশি এলাকাবাসী এবং বন্দিদের স্বজনরা। এই মসজিদে এক সঙ্গে দুই-শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
জেল ও স্থানীয় সূত্রে জানা যায়, ৬ বছর আগে মাদারীপুরে নতুনভাবে কারাগার নির্মাণ করা হয়। কিন্তু এর আশে-পাশে কোনো মসজিদ না থাকায় কারাগারের কর্মকর্তা-কর্মচারী, বন্দিদের দেখতে আসা আত্মীয়-স্বজন এবং স্থানীয়দের নামাজ পড়তে অসুবিধা হতো। এই চিন্তা থেকেই মসজিদ নির্মাণের উদ্যোগ নেন জেলার তুহিন কান্তি। কারাগারে প্রবেশের আগে ডান পাশে মসজিদটি নির্মাণ করা হয়।
এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা। এতে নেটিজেনরা এই জেল সুপারের প্রশংসা করেন। তারা বলেন, প্রশংসা করার মতো ভাষা আমার জানা নেই। কারাগারের কর্মকর্তা-কর্মচারীদের নামাজ পড়তে অসুবিধা হতো। সেখানে একজন হিন্দু ধর্মের মানুষ হয়েও জেল সুপার উদ্যোগ নিয়ে অল্প সময়ে মসজিদটি নির্মাণ করে দিয়েছেন। মসজিদটি অনেক সুন্দর। আসলে মুগ্ধ হওয়ার মতই। এর মাধ্যমেই প্রমাণ হয় এই দেশে সকল ধর্মের লোক একসাথে মিলে বসবাস করে।



