বাংলাগেজেট রিপোর্ট : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে। অন্তর্বর্তীকালীন সরকার এটি নিয়ে কাজ করছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, চট্টগ্রামে বর্ষায় সমস্যা হয়। জলাবদ্ধতার সমস্যা যত দ্রুত নিরসন করা সম্ভব সেই বিষয়ে নির্দেশ দিয়েছে সরকার। আর ট্রাফিকের বিষয়ে কেবিনেটে আলোচনা হয়েছে।
এসময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, শিক্ষার্থীদের দাবি ১৫ জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার। কিন্তু এই সময়ের মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব হচ্ছে না। এ জন্য কিছুটা সময় বাড়ানো হতে পারে। তাই শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
মাহফুজ আলম বলেন, ‘ছাত্ররা ঘোষণা দিয়েছিলেন যে তারা একটি ঘোষণাপত্র দেবেন। কিন্তু সরকার যখন অনুভব করল যে বিষয়টি শুধু ছাত্রদের দিক থেকে গেলে সেটি বাংলাদেশের যে স্থিতিশীলতা এবং ঐক্যের জন্য ক্ষতিকর হতে পারে। ফলে সরকার দায়িত্ব নিয়েছে যে সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি ঘোষণাপত্র তৈরি করা হবে।
’
তিনি বলেন, ‘আমরা আশা করছি সরকার গণ-অভ্যুত্থানের যত পক্ষ আছে সবার সঙ্গে কথা বলে আগামী সপ্তাহে এই ঘোষণাপত্রের বিষয়ে এবং কবে এই ঘোষণাপত্র প্রকাশ হবে, সরকার সবার সম্মতিক্রমে সিদ্ধান্ত জানাবে।’ আগামী সপ্তাহ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করা হবে বলেও তিনি জানান।
এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।



