বাংলাগেজেট রিপোর্ট : মেধাবী ও আদর্শবান লোকদের দলে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, সদস্যপদ নবায়ন করার দিনটি দলের জন্য আনন্দের। দীর্ঘদিন গ্রাম-গঞ্জের অসংখ্য নেতাকর্মী অবর্ণনীয় নির্যাতনের মধ্য দিয়ে গেছেন। দেশের ওপর দিয়ে একটা ঝড় গেছে। যাতে দেশটি লন্ডভন্ড হয়ে গেছে। প্রত্যেক সেক্টরকে লন্ডভন্ড করে দেওয়া হয়েছে। বিএনপিসহ অন্যান্য দলের নেতাকর্মীদের গুম-খুন ও পঙ্গু করা হয়েছে। রাজনৈতিক দলগুলোকেও নিষ্পেষিত করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এখন ঝড় কেটে গেছে। এই ঝড়ে আমাদের বহু সহকর্মীকে হারিয়েছি। অনেকেই হয়তো রাজনীতি থেকে সরে গেছে। যে মানুষরা এখনো দল ধরে রেখেছে তাদের আবারও একত্রিত করতে চাই। সেজন্যই সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু।
তারেক রহমান বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই- জনগণের সমর্থন পাব। দল পুনর্গঠনের পর আমরা রাষ্ট্রকেও পুনর্গঠন করব। ৩১ দফা কার্যকর করা হবে। সেজন্য মেধাবী, সৎ ও আদর্শবান মানুষকে দলে আনতে হবে। দলকে সমৃদ্ধ করতে হবে। আমাদের ভালো মানুষ দরকার। রাষ্ট্র থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচার বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে গেছে। সেজন্যই কাজের লোকদের বের করে আনতে হবে।
এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সদস্যপদ নবায়ন চলমান প্রক্রিয়া। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশক্রমে শুরু হয়েছে। যারা সদস্য আছেন তারাই নবায়ন করবেন। কেন্দ্রীয় দপ্তর থেকে জেলায়, জেলা থেকে উপজেলায় এবং সেখান থেকে ইউনিয়নে যাবে। এটা সাংগঠনিক সম্পাদকরা করবেন।
মির্জা ফখরুল বলেন, আমাদের কিন্তু এখন সত্যিকার একটি আদর্শিক রাজনৈতিক দলে পরিণত হতে হবে। এখন মেধার প্রতিযোগিতা। নতুন সদস্য নেওয়ার ব্যাপারে মেধাবীদের দিকে খেয়াল রাখতে হবে।



