বাংলাগেজেট রিপোর্ট : জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গত ১৭ বছর ধরে যারা ক্ষমতায় ছিল তারা নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করছে।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে নিউইয়র্ক স্টেট বিএনপি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. মোশাররফ বলেন, ‘নির্বাচনকে নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে। গত ১৭ বছর ধরে যারা ক্ষমতায় ছিল তারা নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তবে আমরা বিশ্বাস করি, এই অন্তবর্তীকালীন সরকার শিগগিরই নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করবে। এরপর জনগণ নির্বাচনমুখী হবে। জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে, তখন আর কোনো ষড়যন্ত্র কাজে দিবে না। জনগণই সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে। অতএব অনতিবিলম্বে নির্বাচন দেন।’
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতাকে ফিরিয়ে দেন। জনগণই নির্বাচিত করবে কারা হবে তাদের সরকার। নির্বাচিত সরকার হবে এদেশের স্থায়ী সরকার। অন্তর্বর্তীকালীন সরকার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকতে পারে না।’
তিনি বলেন, ‘অনেকে বলছে আমরা নাকি ক্ষমতার জন্য নির্বাচন চাচ্ছি। কিন্তু আমরা দল হিসেবে কখনো ক্ষমতার জন্য চেষ্টা করিনি।‘এখন সংস্কারের কথা বলা হচ্ছে। সংস্কার নির্ধারিত সময়ের মধ্যে শেষ হতে পারে না। এই সরকার বলছে, তারা নাকি নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার করবে, এটা হতে পারে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আমরা সংস্কার চাই। কিন্তু অগ্রাধিকার দিতে হবে নির্বাচনকে।’
নিউইয়র্ক স্টেট বিএনপি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মো: অলিউল্লা আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



