বাংলাগেজেট রিপোর্ট : যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব বলেন, পতিত স্বৈরাচারের দোসর ও সাঙ্গপাঙ্গরা অনেক কিছু করতে চাইছে। তারা লিফলেট বিতরণ করতে চাইছে। যারা লিফলেট বিতরণ করবে তাদের জন্য কড়া বার্তা হলো-তাদের গ্রেপ্তার করা হবে। লিফলেটে যেসব কথা আছে, তা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে হুমকিতে ফেলার কথা। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা অনলাইনে মিথ্যা ও গুজব ছড়াচ্ছে। পতিত স্বৈরাচারকে বলছেন এখনো প্রধানমন্ত্রী। পুরোটা আমরা মনিটরিং করছি। আমাদের কড়া বার্তা হচ্ছে, যারা লিফলেট বিতরণ করবে, এ ধরনের কর্মসূচিতে যাবে তাদের গ্রেপ্তার করা হবে। আইনের আওতায় আনা হবে।
জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের পক্ষে একজন শিক্ষা ক্যাডার (মুকিব খান) লিফলেট বিতরণের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, এ প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, আমরা বেশ কিছু গ্রেপ্তার করেছি।
শিক্ষা ক্যাডারের কর্মকর্তার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে জানিয়ে তিনি বলেন, ওনার ফেসবুক স্ট্যাটাসগুলো খতিয়ে দেখছি। প্রত্যেকটা বিষয় খতিয়ে দেখছি।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, গুজব নিয়ে ফেসবুকের সঙ্গে আলাপ হয়েছে। গুজব নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা যুদ্ধে নেমেছে। প্রতিদিন তারা মিথ্যা মিথ্যা তথ্য দিচ্ছে। আমাদের ধারণা হচ্ছে, পতিত স্বৈরাচারের যারা বিলিয়ন ডলার বাইরে নিয়ে গেছে, তারা এ কাজগুলো করাচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। বিষয়টি ভারত সরকারকে জানানো হয়েছে।
এ সময় উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদ উপস্থিত ছিলেন।



