বাংলাগেজেট রিপোর্ট : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (১৯ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।
পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন।
সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। সফরটি দুই দেশের মধ্যকার সম্পর্কোন্নয়ন ও সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে সেনাপ্রধান আশাবাদ ব্যক্ত করেন।
সেনাপ্রধান প্রধান উপদেষ্টাকে অবহিত করেন যে, সদ্য সমাপ্ত উচ্চপদস্থ পর্ষদের মূল্যায়ন ও সুপারিশ অনুযায়ী বিভিন্ন বঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিত করার প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি চাকুরিচ্যুত জেসিও এবং অন্যান্য পদবির সেনা সদস্যদের বিষয়েও আলোচনা করেন এবং তাদের বর্তমান অবস্থান এবং চলতে থাকা উচ্চপদস্থ পর্ষদের কার্যক্রমের অগ্রগতির তথ্য তুলে ধরেন।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ছাত্র-জনতার চিকিৎসায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।
আলোচনায় প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা এবং অবদানের বিশেষ প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।



