বাংলাগেজেট রিপোর্ট : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, শরীরে একবিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে আর স্বনামে রাজনীতি করতে দেওয়া হবে না।
শনিবার (২২ মার্চ) বিকেলে শাহবাগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, কার্যক্রম নিষিদ্ধ এবং দ্রুত বিচারের দাবিতে এনসিপির সমাবেশে এ হুঁশিয়ারি দেন।
আখতার হোসেন বলেন, ‘কোনো শান্তিপূর্ণ ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের বিদায় হয়নি। হাজারও মানুষের জীবন আর রাজপথ ভরা রক্তের মধ্য দিয়ে খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিদায় হয়েছে।
’
তিনি বলেন, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, ততবার এ দেশের মানুষের জীবন ঝুঁকিতে পড়েছে। ‘সাম্য ও মানবিক মর্যাদার জন্য যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সে মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে গণতন্ত্রের বদলে বাকশাল কায়েম করেছিল। দেশের মানুষ যে গণতন্ত্রের জন্য দীর্ঘদিন যুদ্ধ করেছিল, সে গণতন্ত্রের মুখে চুনকালি দিয়ে ১৪, ১৮ ও ২৪-এর নির্বাচনের নামে কলঙ্ক উপহার দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল ওই পতিত আওয়ামী লীগ।’
তিনিবলেন, ‘আমাদের ভাইয়েরা রাজপথে তাদের জীবন দিয়ে ফ্যাসিবাদকে বিদায় জানিয়েছিল। আমাদের চোখের সামনে আমাদের ভাইদের জীবন দিতে দেখেছি। তাদের রক্তের শপথ, আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে আর স্বনামে রাজনীতি করতে দেব না। আর পুনর্বাসিত হতে দেওয়া হবে না।’



