বাংলাগেজেট রিপোর্ট : ২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিতর্কিত নির্বাচনের ফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল-১৫ এর (যুগ্ম জেলা জজ প্রথম আদালত) বিচারক মো. নুরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
ব্যাপক কারচুপির অভিযোগে ওই নির্বাচনের ফল বর্জন করেছিল বিএনপিসহ অন্যান্য দল। আওয়ামী লীগের নিয়ন্ত্রিত এই নির্বাচনের আগেই অনেকটা ফল নির্ধারিত হয়ে যায়। আওয়ামী লীগ ছাড়া অন্যান্য প্রার্থীদের প্রচারণারই সুযোগ দেয়া হয়নি। আওয়ামী লীগের জমানায় হওয়া ভোটারবিহীন অন্যান্য নির্বাচনের মতোই ঢাকা সিটির এই নির্বাচন ছিল সরকারের সাজানো ছকে। নির্বাচনের অনিয়মের বিরুদ্ধে যথাসময়ে আপিল ট্রাইব্যুনালে আবেদন করলেও আওয়ামী লীগ সরকারের সময়ে তা নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়নি।
২০২০ সালের পহেলা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নিয়ন্ত্রিত ওই নির্বাচনে চার লাখ ২৪ হাজার ভোট পান তাপস। ইশরাক পেয়েছিলেন দুই লাখ ৩৬ হাজার ভোট। এরপর ওই বছরের ২৭শে ফেব্রুয়ারি সেই নির্বাচনে ঢাকার দুই সিটির নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নেন। বর্তমানে তাপস বিদেশে পলাতক।
আদালতের রায়ের পর ইশরাক হোসেনের আইনজীবী রফিকুল ইসলাম বলেন, ট্রাইব্যুনাল নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করে সরকারের জারি করা গেজেট বাতিল করে দেন। একই সঙ্গে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়েছে। এর ফলে ইশরাক হোসেনের মেয়র পদে দায়িত্ব গ্রহণ করতে কোনো বাধা নেই। নতুন করে নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করতে পারবেন।
রায় ঘোষণার সময় বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন আদালতে উপস্থিত ছিলেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইশরাক বলেন, মহান আল্লাহ’র দরবারে শুকরিয়া আদায় করছি। আমি ন্যায়বিচার পেয়েছি। আমি মেয়র হতো পারবো বা মেয়র হিসেবে শপথ নেবো কিনা সেটা সম্পূর্ণ দলীয় বিষয়



