স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের টিকেট পাওয়ার সঙ্গে র্যাঙ্কিংয়েও উন্নতি হলো মেয়েদের। নারী ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ দলে জায়গা করে নিয়েছেন নাহিদা আক্তার। ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে শারমিন আক্তার ও রিতু মনির।
নারী নারী ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ মঙ্গলবার প্রকাশ করে আইসিসি। বোলারদের মধ্যে দুই ধাপ এগিয়ে ১০ নম্বরে আছেন নাহিদা, রেটিং ৬১৮। নিজের সেরা অবস্থান থেকে অবশ্য এখনও ৩ ধাপ দূরে।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২১তম স্থানে শারমিন। রিতু ১৫ ধাপ উন্নতি করে ৭৩তম।
মঙ্গলবার স্কটল্যান্ডের বিপক্ষে ৩৪ রানের জয়ে ৪০ রানে ৪ উইকেট নেন নাহিদা। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচেও একটি করে উইকেট শিকার করেন বাঁহাতি এই স্পিনার।
রাবেয়া খান (২২তম) এক ধাপ ও ফাহিমা খাতুন (৪৬তম) দুই ধাপ উন্নতি করেছেন। সবশেষ তিন ম্যাচে ৪ উইকেট নিয়ে ১১ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৪৯ নম্বরে পেসার মারুফা আক্তার।
ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন। আর ব্যাটারদের তালিকার শীর্ষেই আছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট।
আরঅস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার মেয়েদের ওয়ানডে অলরাউন্ডার তালিকার শীর্ষে উঠেছেন।



