আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে ২০০ বিলিয়ন বা ২০ হাজার কোটি ডলারের একাধিক চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ চুক্তি স্বাক্ষর।
হোয়াইট হাউজ জানিয়েছে, আমিরাতের বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজের পক্ষ থেকে উড়োজাহাজ কিনতে সাড়ে ১৪ বিলিয়ন বা ১৪০০ কোটি ডলারের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। এছাড়া দুদেশের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে সহযোগিতা বৃদ্ধিরও সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে পাঁচ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন নতুন কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে পরিচালিত ক্যাম্পাস উদ্বোধন করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বাইরে এটি বিশ্বের সবচেয়ে বড় এআই স্থাপনা।
মধ্যপ্রাচ্য সফরে কাতারের সঙ্গেও বড় অংকের চুক্তি করেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউজ বিবৃতিতে জানিয়েছে, ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বেশ কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন। দুই দেশের মধ্যে এসব চুক্তির আওতায় কমপক্ষে ১ লাখ ২০ হাজার কোটি ডলার মূল্যের অর্থনৈতিক লেনদেন হবে।



