বাংলাগেজেট রিপোর্ট : বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে বুধবার পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন সমর্থকরা। এই সময়ের মধ্যে ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত না এলে ঢাকা অচলের মত কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
মঙ্গলবার (২০ মে) বিকেলে ঢাকাবাসীর পক্ষে ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি দেন সমন্বয়কারী সাবেক জ্যেষ্ঠ সচিব মশিউর রহমান।
এ সময় ডিএসসিসির কর্মচারী ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে ঢাকাবাসীর এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তারা ঘোষণা করেন, বুধবার সকাল ১০টার মধ্যে দাবি মানা না হলে এর পর থেকে পরিচ্ছন্নতা সেবা, ময়লা পরিবহন সেবা এবং বিদ্যুৎ সেবাসহ সব ধরনের নাগরিক সেবা বন্ধ করে দেওয়া হবে।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে মঙ্গলবার সকাল ১০টা থেকে নগর ভবনের সামনের সড়কে বসে অবরোধ করেন ইশরাক হোসেনের সমর্থকরা। নগর ভবনের প্রধান ফটকের সামনে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে।
সেখানে জাতীয় সংগীত, দেশাত্মবোধক গান বাজানো হয়।
বুধবার থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচির কারণে নগর ভবন কার্যত অচল। সেখানে কোনো ধরনের দাপ্তরিক কাজ হচ্ছে না। দুর্ভোগে পড়েছেন সেবা নিতে আসা লোকজন।



