বাংলাগেজেট রিপোর্ট : আগামী ৭ জুনকে পবিত্র ঈদুল আজহার অর্থাৎ কোরবানির দিন ধরে ট্রেনের টিকিট অগ্রিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেনের টিকেট বিক্রি বুধবার (২১ মে) থেকে শুরু হয়েছে ।
প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে।
সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ মে থেকে যাত্রা শুরুর ১০ দিন আগে আন্তঃনগর ট্রেনের টিকিট অগ্রিম হিসেবে বিক্রি করা শুরু হয়েছে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সব আন্তঃনগর ট্রেনের ৩১ মের অগ্রিম টিকিট সকাল ৮টায় বিক্রি শুরু হয়েছে। পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট বিক্রি দুপুর ২টায় শুরু হয়।
ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মে তারিখের টিকিট বিক্রি হচ্ছে ২১ মে; ১ জুনের টিকিট বিক্রি হবে ২২ মে; ২ জুনের টিকিট বিক্রি হবে ২৩ মে; ৩ জুনের টিকিট বিক্রি হবে ২৪ মে; ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে; ৫ জুনের টিকিট বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে।
ঈদের পরে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে। ওইদিন ৯ জুনের অগ্রিম টিকিট পাওয়া যাবে। এছাড়া ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের অগ্রিম টিকিট ৫ জুন পাওয়া যাবে।
রেলওয়ের ওয়েবসাইট থেকে সহজেই যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারবেন। সেক্ষেত্রে রেলওয়ের ওয়েবসাইটে একবার রেজিস্ট্রেশন করলেই চলবে। যারা আগে রেজিস্ট্রেশন করেছেন, তারা শুধুমাত্র লগইন করেই টিকিট সংগ্রহ করতে পারবেন।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া
প্রথমে বাংলাদেশ রেলওয়ের (https://railapp.railway.gov.bd) ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। পরে ওয়েবসাইটের উপরের দিকে রেজিস্ট্রেশন ট্যাব ক্লিক করতে হবে। এতে রেজিস্ট্রেশন নামে নতুন একটি পেজ আসবে। এ পেজে ব্যক্তিগত তথ্যাদি দিয়ে সংশ্লিষ্ট ঘরগুলো পূরণ করতে হবে। মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে। সেটি সঠিকভাবে পূরণ করে ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে।
সব তথ্য ঠিক থাকলে রেজিস্ট্রেশন সফল হবে এবং বাংলাদেশ রেলওয়ে নামে নতুন একটি পেজ আসবে। এখানে ইউজার অটো লগইন হয়ে যাবে।



