স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সময় ভালো যাচ্ছে না। টানা চার হারে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৫ কমে ২২০ হয়েছে। এতে এক ধাপ পিছিয়েছে টাইগাররা। অন্যদিকে ২২৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এসেছে আফগানিস্তান। ২০২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের পর রয়েছে আয়ারল্যান্ড।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হারের পর পাকিস্তানের বিপক্ষেও টানা দুই ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া হয়েছে টাইগারদের। এর প্রভাব পড়েছে আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে। নবম স্থান থেকে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ এখন দশম স্থানে।
র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত (২৭১)। এরপর রয়েছে অস্ট্রেলিয়া (২৬২), ইংল্যান্ড (২৫৪), নিউজিল্যান্ড (২৪৯) ও ওয়েস্ট ইন্ডিজ (২৪৬)। পাকিস্তান আছে আগের মতোই অষ্টম স্থানে, তবে তাদের রেটিং বেড়ে হয়েছে ২২৯। বাংলাদেশকে চমকে দিয়ে সিরিজ জয়ী সংযুক্ত আরব আমিরাত উঠে এসেছে ১৫ নম্বরে, দলটির রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ১৮৩।
২০১২ সালে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ চারে উঠেছিল । আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর বাংলাদেশ ছাড়িয়ে গিয়েছিল পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারতের মতো দলকে।



