বাংলাগেজেট রিপোর্ট : আগামী সোমবার ২ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহেমদ। আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক শুল্ক ও কর সংস্কারের উদ্যোগ নিচ্ছে । আগামী ২ জুন (সোমবার) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এই বাজেট পেশ করবেন। এবার বাজেটের মূল লক্ষ্য হলো এলডিসি থেকে উত্তরণ পরবর্তী অর্থনীতিতে প্রস্তুতি, ব্যবসা সহজীকরণ এবং রাজস্ব আহরণ জোরদার করা।
বাজেটে প্রস্তাব রয়েছে ৬২২টি পণ্যে সম্পূরক শুল্ক হ্রাস অথবা বাতিল করার। এর মধ্যে রয়েছে কোল্ড স্টোরেজ যন্ত্রপাতি, নিউজপ্রিন্ট, পেপার পণ্য, পরিবেশবান্ধব কাঁচামাল, ক্যান্সার চিকিৎসার যন্ত্রাংশ ও ওষুধ, এমনকি বাস আমদানির ওপরও ছাড়।
সফটওয়্যার রপ্তানিতে উৎসাহ দিতে কম্পিউটার অপারেটিং সিস্টেম, ডেটাবেইস, সিকিউরিটি সফটওয়্যার ইত্যাদির আমদানি শুল্ক ১০% থেকে কমিয়ে ৫% করার প্রস্তাব হয়েছে।এলএনজি আমদানিতে ১৫% ভ্যাট মওকুফের উদ্যোগ নেওয়া হচ্ছে।
ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত ৭৯টি কাঁচামালকে শুল্কমুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে চিকিৎসা ব্যয় হ্রাস এবং স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির প্রত্যাশা রয়েছে।
ঢাকার যানজট নিরসনে ১৬-৪০ আসনের বাস আমদানিতে শুল্ক ১০% থেকে ৫%-এ নামিয়ে আনা হচ্ছে। কোল্ড স্টোরেজে ব্যবহৃত কম্প্রেসরের শুল্ক ছাড়ে কৃষিপণ্যের বাজার স্থিতিশীল রাখার চেষ্টা থাকবে।
উইলো কাঠে শুল্ক ৩৭% থেকে কমিয়ে ২৬% করার প্রস্তাব রয়েছে। এছাড়াও খেলনা তৈরির কাঁচামালে ছাড় এবং প্রস্তুত খেলনায় প্রতি কেজি ৪ ডলার নির্ধারিত শুল্কমূল্য ধার্য করা হচ্ছে।



