ডেস্ক রিপোর্ট : তেহরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, তাদের পরিবারসহ শতাধিক বাংলাদেশিকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে দূতাবাসের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। বাংলাদেশি রাষ্ট্রদূতের জীবনের ঝুঁকি থাকায় তিনি সোমবার (১৬ জুন) রাতে নিজের বাসভবন ছেড়ে আরেকটি নিরাপদ জায়গায় ছিলেন। এ তথ্য জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী।
মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা বিষয়ক’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, ‘সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এ জন্য একটি বড় অঙ্কের অর্থেরও প্রয়োজন। সেই অর্থ পাঠানোর চেষ্টা করছি। দূতাবাসে যে তহবিল আছে, সেটি দিয়ে ইতোমধ্যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে।’
তিনি বলেন, ‘চ্যান্সারি ও রাষ্ট্রদূতের বাসভবনে হামলার ঝুঁকি বেশি ছিল। রাষ্ট্রদূত সোমবার (১৬ জুন) রাতে নিজের বাসা ছেড়ে নিরাপদ স্থানে চলে গিয়েছিলেন।’ তেহরানে আছেন, এমন ১০০ জনের মতো বাংলাদেশি আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদেরসহ দূতাবাসে যত পরিবার আছে—তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।



