আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের মরুভূমির দেশ সৌদি আরব মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসাধারীদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ ঘোষণা করেছে। দেশটির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, যেসব প্রবাসীর ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা এখন মাত্র ৩০ দিনের মধ্যে বৈধভাবে দেশে ফেরার সুযোগ পাবেন। খবর : সৌদি গ্যাজেট জাওয়াত।
বৃহস্পতিবার (২৬ জুন) থেকে এই সুযোগ কার্যকর হয়েছে, যা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী ১ মহররম। জাওয়াজাতের ঘোষণায় বলা হয়েছে, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া প্রবাসীরা নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করে সৌদি আরব থেকে চূড়ান্ত প্রস্থানের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের প্রক্রিয়াটি আবশের নামে পরিচিত সরকারি ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করতে হবে। আবশের প্ল্যাটফর্মে লগইন করে তাওয়াসুল সেবা ব্যবহার করে এই প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে।
জাওয়াজাত বিশেষভাবে অনুরোধ জানিয়েছে, যারা এই সুবিধা নিতে চান, তারা যেন অবশ্যই ৩০ দিনের মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ করেন। সময়সীমা অতিক্রম করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা অতিরিক্ত জরিমানা আরোপ করা হতে পারে।
যাদের ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এবং যারা সৌদি আরব ছেড়ে নিজ দেশে ফিরতে চান সুযোগটি বিশেষভাবে তাদের জন্য প্রযোজ্য।



